জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘জায়েজ’ হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। গত বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদরাসায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বোখারি শরিফ খতম উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দেওয়ার কথাও বলেন তিনি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমি ইলেকশন বুঝি না, এটা (ইলেকশন) একটি জিহাদ। এই গোষ্ঠী (জামায়াত) যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ ধ্বংস করবে। জামায়াতে ইসলাম এটা প্রকৃত ইসলাম নয়; তাদের ইসলামের সঙ্গে মদিনার ইসলামের কোনো সম্পর্ক নেই, তারা মওদুদীর ইসলাম প্রচার করে।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী পর্দা মানে না। অথচ কোরআনে পর্দার কথা আছে। তারা যদি বাংলাদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে; মুসলমানের গোড়া কেটে ফেলবে, মুসলমানদের গোড়া কেটে দেবে, রগ কাটার গোষ্ঠী তারা।’ এরপর মঞ্চে কাছাকাছি বসা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে দেখিয়ে হেফাজতের আমির বলেন, ‘আমরা ওনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে ওনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে, মওদুদীর জামায়াতের সঙ্গে।’ অনুষ্ঠানে নাজিরহাট বড় মাদরাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ সিনিয়র আলেমরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
০ টি মন্তব্য