চার কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ও ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার PET বোতলে) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।
এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট খরচ হবে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস-এর কাছ থেকে এই ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮১ টাকা ৪৭ পয়সা।
এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটিরও প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৭৪ টাকা ৮৬ পয়সা। এই ডাল কেনা হবে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে।
মতামত দিন
০ টি মন্তব্য