হামজা চৌধুরীর নেতৃত্বে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামার আগে একাদশেও পরিবর্তন এনেছেন কোচ। ভুটানের বিপক্ষে আগের ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে সাজানো হয়েছে আজকের একাদশ।
তবে একাদশের সবচেয়ে বড় আকর্ষণ তিন পরিবর্তন নয়, হামজা চৌধুরীর অধিনায়কত্ব। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন এই মিডফিল্ডার। আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার বিষয়ে নিজের প্রস্তুতির কথা জানিয়েছিলেন তিনি। কোচ সুযোগ দিলে আর্মব্যান্ড পরতে আপত্তি নেই বলেও জানিয়েছিলেন হামজা।
তবে অধিনায়কত্বের চেয়েও দলের শক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন হামজা। তার কাছে নেতৃত্বের প্রতীকী আর্মব্যান্ডের চেয়ে ড্রেসিংরুমে একতা ধরে রাখা এবং সবাইকে নিয়ে পরিবারের মতো পরিবেশ তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।
এ ছাড়া ভুটানের বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। বিশ্বনাথ অবশ্য চোটের কারণে খেলছেন না।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।
মতামত দিন
০ টি মন্তব্য