পাকিস্তানের কিংবদন্তি মুশতাক মনে করেন, নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে ভালো ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ ফাইনালে যাওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত থাকতে পারে, ‘ইনশাআল্লাহ, কেন নয়? আমরা এখন দারুণ অবস্থানে আছি। আমরা যদি ভালো ক্রিকেট খেলি এবং বিশ্বাস ধরে রাখি, তাহলে শেষ পর্যন্ত যাওয়ার সুযোগ আমাদের আছে।’ – বলেছেন মুশতাক।
আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য হারার ভয়কে দূরে রাখার ওপরও জোর দিয়েছেন পাকিস্তানের সাবেক এই স্পিনার। তার মতে, ক্রিকেটারদের মানসিকতা বদলাতে কোচদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ‘আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ জেতার একমাত্র উপায় হলো হারার চিন্তা না করা। কোচ হিসেবে আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। সব খেলোয়াড়, নির্বাচক ও সংশ্লিষ্ট সবার কৃতিত্ব দিতে হবে। কারণ সবাই এখন একই জায়গায় আছে এবং বিশ্বাস করে, আমরা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারি।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে আছে বাংলাদেশ। এবারের চক্রে বাংলাদেশের বাকি ৬টি টেস্ট। ৬০ শতাংশ পিসিটি স্পর্শ করতে নাজমুল হোসেনদের দরকার আর ৪৭ পয়েন্ট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টেই জিতলে পিসিটি হবে ৬১.১১ শতাংশ। এর সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও একটি জয় তুলে নিতে পারলে পিসিটি পৌঁছাবে ৬৯.৪৪ শতাংশে। ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তব করতে হলে ঘরের মাঠের পূর্ণ সুবিধা নেওয়াটাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।
মতামত দিন
০ টি মন্তব্য