জেন-জি’র পছন্দের শীর্ষেও বিএনপি চেয়ারম্যান
আগামী ১২ ফেব্রুয়ারি বহুল কাক্সিক্ষত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। যার মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের ১২ কোটি ভোটার নতুন সরকার এবং প্রধানমন্ত্রী বেছে নেবেন। এই নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের মতামত জানতে গত ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৫২টি নির্বাচনী আসন এবং আটটি বিশ্ববিদ্যালয়ে জরিপ চালায় দৈনিক ইনকিলাব। যেখানে ৯ হাজার ৬৬৯ জন ভোটার তাদের মতামত দিয়েছেন। এর মধ্যে সাত হাজার ৩৯১ জন (৭৬.৪৪%) পুরুষ ও দুই হাজার ২৭৮ জন (২৩.৫৫%) নারী ভোটার। মতামত প্রদানকারীদের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী তিন হাজার ৫৭২ জন (৩৬.৯৪%), ৩১ থেকে ৪৫ বছর বয়সী তিন হাজার দুজন (৩১.০৪%), ৪৬ থেকে ৬০ বছর বয়সী দুই হাজার ১৩৮ জন (২২.১১%) ও ৬০ বছরের ঊর্ধ্বে ৭১০ জন (৭.৩৪%)। যাদের মধ্যে শিক্ষার্থী দুই হাজার ৭৪০ জন (২৭.৯৬%), চাকরিজীবী এক হাজার ৯৯৭ জন (২০.৬৫%), ব্যবসায়ী দুই হাজার ৪৪৭ জন (২৫.৩০%), গৃহিণী ৯২৭ জন (৯.৫৮%), কৃষক ৬১১ জন (৬.৩১%), শ্রমিক ৮২৭ জন (৮.৫৫%)। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এবার প্রথমবারের মতো ভোট দেবেন দুই হাজার ৩২১ জন, যা মোট অংশগ্রহণকারীর ২৪ শতাংশ।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়Ñ তারা আগামী নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? ৯ হাজার ৬৬৯ জনের মধ্যে পাঁচ হাজার ৮৭০ জন মতামত দিয়েছেন, তারা আগামী নির্বাচনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। যা মোট অংশগ্রহণকারীর ৬০ দশমিক ৭০ শতাংশ। এরপর রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিন হাজার ১৬৩ জন। যা অংশগ্রহণকারীর ৩২ দশমিক ৭২ শতাংশ। এছাড়া অন্যান্যদের মধ্যেÑ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে চান ১৫৮ জন (১.৬৩%), ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে চান ২০২ জন (২.০৮%), জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে চান ৭৮ জন (.৮০%) এবং উল্লিখিত ব্যক্তিদের কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ নয় বলে মতামত দিয়েছেন ২২৫ জন (২.৩২%)।
তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হতে পারেন বা প্রধানমন্ত্রী হিসেবে কেন পছন্দ করেন প্রশ্নের জবাবে এক হাজার ৯৮০ জন (২০.৪৭%) মনে করেন, তিনি যেহেতু দেশের সবচেয়ে বড় দল বিএনপির চেয়ারম্যান এবং এই দলটির জনপ্রিয়তা বেশি রয়েছে, এ জন্য তিনিই প্রধানমন্ত্রী হবেন। এক হাজার ৭৪৩ জন (১৮.০২%) মনে করেন, তারেক রহমান একজন স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন; এ জন্য এবং ৬৭৭ জন ((৭%) মনে করেন, তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইমেজের কারণে এবং তিনি প্রধানমন্ত্রী হলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, দেশের উন্নয়ন ও শান্তি ফিরে আসবেÑ এ জন্য তিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আমিরকে যারা প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছেন তাদের মধ্যে এক হাজার ৬৫৮ জন (১৭.১৪%) মনে করেন, তিনি সৎ ব্যক্তি, তিনি প্রধানমন্ত্রী হলে দেশে দুর্নীতি ও অনিয়ম দূর হবে, ৭৭৭ জন (৮.০৩%) মনে করেন, তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন; সে কারণে প্রধানমন্ত্রী হবেন। এছাড়াও ২৪ জন মনে করেন, নাহিদ ইসলাম যেহেতু জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এ জন্য তিনি প্রধানমন্ত্রী হবেন।
জেন-জি’র কাছেও জনপ্রিয় তারেক রহমান
সারা দেশের ৫২টি আসনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়Ñ এই আটটি বিশ্ববিদ্যালয়ে জরিপ পরিচালিত হয়। যেখানে উল্লেখযোগ্য সংখ্যক জেন-জি এবং প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন এমন ভোটার। আর এসব ভোটারের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের শীর্ষে।
জরিপে এই আটটি বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২৩৪ জন অংশগ্রহণ করে। এর মধ্যে পুরুষ ৯২৪ জন (৭৪.৮৭%), নারী ৩১২ জন (২৫.২৮%)। এর মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী এক হাজার ১৬০ জন (৯৪%), ৩১ থেকে ৪৬ বছর বয়সী ৬০ জন (৪.৮৬%), ৪৬ থেকে ৬০ বছর বয়সী ১২ জন (.৯৭%), ৬০ বছরের ঊর্ধ্বে দুজন (.০৮%)। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার্থী এক হাজার ৮৩ জন (৮৭.৭৬%), চাকরিজীবী ৫৯ জন (৪.৭৮%), ব্যবসায়ী ৫২ জন (৪.২১%), গৃহিণী ২৬ জন (২.১০%), কৃষক দুজন (.১৬%) ও শ্রমিক চারজন (.৩২%)। এদের মধ্যে এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন ৮৯১ জন, যা মোট অংশগ্রহণকারীর ৭২ দশমিক ২০ শতাংশ। আবার ভোট দিতে যাবেন না ১০৭ জন (৮.৬৭%)।
জরিপে আট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিলÑ নির্বাচনের পর প্রধানমন্ত্রী কে হতে পারেন? এই প্রশ্নের জবাবে ৫৭৫ জন (৪৬.৫৯%) মনে করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবেন এবং তাকেই তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন এমন মত প্রদানকারীর সংখ্যা ৫২৪ জন (৪২.৪৬%)। এ ছাড়াও নির্বাচনের পর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী দেখতে চান ২৪ জন (১.৯৪%), ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ২৮ জন (২.২৬%), জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সাতজন (.৫৬%) এবং উল্লিখিত কাউকেই চান না বলে মতামত দিয়েছেন ৭৪ জন (৫.৯৯%)।
তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হতে পারেনÑ এমন প্রশ্নের জবাবে ২৭৮ জন মনে করেন, তিনি যেহেতু দেশের সবচেয়ে বড় দল বিএনপি চেয়ারম্যান এবং এই দলটির জনপ্রিয়তা বেশি রয়েছে, এ জন্য তিনিই প্রধানমন্ত্রী হবেন। ১৯৩ জন মনে করেন, তারেক রহমান একজন স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এ জন্য এবং ৯৩ জন মনে করেন, তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইমেজের কারণে তিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আমিরকে যারা প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছেন তাদের মধ্যে ৩২৪ জন মনে করেন, তিনি সৎ ব্যক্তি, প্রধানমন্ত্রী হলে দেশে দুর্নীতি ও অনিয়ম দূর হবে, ১৭২ জন মনে করেন, তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন; সে কারণে প্রধানমন্ত্রী হবেন।
কোন বিশ্ববিদ্যালয়ে কে এগিয়ে?
আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তিনটিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৫ জন শিক্ষার্থী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, শফিকুর রহমানকে চান ৫৪ জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৯৭ জন শিক্ষার্থী চান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ৩৪ জন মনে করেন শফিকুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পছন্দ ৭৯ জনের, শফিকুর রহমানকে পছন্দ ৭৫ জনের। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন চান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে, শফিকুর রহমানকে চান ২৩ জন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৬৯ জনের পছন্দ তারেক রহমান এবং ৫৯ জনের পছন্দ শফিকুর রহমান।
অন্যদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৮৪ জন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে চান ৬৯ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ ১১৫ জনের, তারেক রহমান ৫১ জনের কাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭৮ জন চান শফিকুর রহমানকে আর ৭৮ জন চান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
মতামত দিন
০ টি মন্তব্য