দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় কার্যকর করার বিষয়ে একমত পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তারা এ মতৈক্যে পৌঁছান।
জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেন, পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশগুলোর কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
সার্ককে পুনরায় কার্যকর করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে। এ ক্ষেত্রে তিনি নেপালকে এগিয়ে আসার আহ্বান জানালে নেপালের রাষ্ট্রদূত তাতে একমত পোষণ করেন।
নেপালের সংসদে (ফেডারেল পার্লামেন্ট অব নেপাল) ‘বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠিত হওয়ায় দেশটির স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান কায়সার কামাল। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদেও অচিরেই ‘বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ’ গঠন করা হবে।
এর মাধ্যমে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের দ্বার আরও উন্মুক্ত হবে।
সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার, সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সফর আয়োজন, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলেও জানান ভারপ্রাপ্ত স্পিকার।
এ সময় তিনি নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ টেনে শিক্ষা, সংস্কৃতি, যুব যোগাযোগ, জ্বালানি, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে আলোচনা এবং সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার ওপর জোর দেন।
বৈঠকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রার প্রশংসা করেন। বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশ বিভিন্ন সূচকে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়। নির্ধারিত সময়সীমার মধ্যেই বাংলাদেশ জাতিসংঘের এলডিসি গ্র্যাজুয়েশন অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
০ টি মন্তব্য