প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সেখানে পৌঁছান।
দলীয় কার্যালয়ে পৌঁছে তিনি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রচণ্ড ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় দলীয় স্বেচ্ছাসেবকদের। সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের সমাগম শুরু হয়, যা সন্ধ্যার আগ পর্যন্ত ক্রমেই বাড়তে থাকে।
এর আগে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তারেক রহমান ঘোষণা দেন যে, তিনি শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর নয়াপল্টন সফরকে ঘিরে রাজধানীর এই এলাকা পরিণত হয় রাজনৈতিক উৎসবমুখর পরিবেশে।
মতামত দিন
০ টি মন্তব্য