জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৮২ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অতীতে এতো রান তাড়া করে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম যেমন মন্থর শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল আজও হয়ত পারবে না! কিন্তু শেষ দিকের ব্যাটিংয়ে ইতিহাস গড়েই ফেলল বাংলাদেশ।
পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় আর শামীম হোসেন পাটোয়ারীর বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। তাও আবার ১২ বল হাতে রেখেই! এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৮২ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল বাজে। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম শুরুতে রান তুলতে পারছিলেন না। তিনে নেমে লিটন দাসও সুবিধা করতে পারেননি।
সাইফ ১৬ বলে ১৭ রান করে আউট হয়েছেন। তানজিদ তামিম ২০ রান করতে খেলেছেন ২৫ বল। আর লিটন ১৫ বলে ২১ রান করে ফিরেছেন। টার্গেট যখন ১৮২ তখন দলের প্রথম দিন ব্যাটারের এমন ইনিংসের পর জয় সহজ নয়। সেই কঠিন কাজটাই পরে করে দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারী।
ফর্মে থাকা ইমন ক্রিজে নেমেই ঝড় তুলেছিলেন। তার ইনিংসটা অবশ্য বড় হয়নি। তবে ১৪ বলে ১ চার ২ ছয়ে ২৮ রানের ওই ইনিংসটাই বাংলাদেশকে পথ দেখিয়েছে যে ব্যাটিংটা আসলে কিভাবে করতে হবে! শেষ দিকে কিউই বোলারদের স্রেফ নাচিয়ে ছেড়েছেন হৃদয়-শামীম।
১২ বল বাকি থাকতেই বাংলাদেশের যখন ৬ উইকেটের জয় নিশ্চিত হলো শামীম তখন ৩১ রানে অপরাজিত। মাত্র ১৩ বল খেলে ৩টি চার ২টি ছয়ে এই রান করেছেন তিনি। তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন ২৭ বলে ২টি চার ৩টি ছয়ে ৫১ রান করে।
এর আগে বাংলাদেশকে বড় রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড উইকেট হারিয়েছে শুরুতেই। ইনিংসের দ্বিতীয় ওভারেই টিম রবিনসনকে রান আউট করেছে বাংলাদেশ।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ রান তুলে এই ধাক্কাটা বুঝতেই দেননি কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। ৩৭ বলে ৭টি চার ১টি ছয়ে ৫১ রান করা ক্লার্ককে ফিরিয়েছেন রিশাদ হোসেন। ২৮ বলে ৭ চার ১ ছয়ে ৫১ রান করা ক্লেভারকেও ফিরিয়েছেন রিশাদ। দুই সেট ব্যাটার ফেরার পর চাপে পরে যায় নিউজিল্যান্ড। রানের গতি কমে যায়।
খানিক বাদে ১ রান করা বেভন জ্যাকবসকে তানজিম হাসান সাকিব ও ৩ রান করা ড্যান ফক্সক্রফটকে ফেরান শেখ মাহেদি। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউজিল্যান্ড পরের ৫ ওভারে তুলতে পেরেছে মাত্র ৩০ রান। তবে শেষ দিকে এই গ্যাপ পুরন করে দিয়েছেন নিক কেলি। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৯ রান করে কিউইদের রানকে শক্ত অবস্থানে নিয়েছেন।২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানে থেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।
মতামত দিন
০ টি মন্তব্য