ডিএসই-সিএসই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) পুঁজিরবাজারে প্রথম কার্যদিবসের লেনদেন সম্পন্ন হয়েছে। শেয়ার কেনার চাপে দিনের শুরুতেই চাঙা হয়ে ওঠে পুঁজিবাজার। লেনদেনের এই চাঙা ভাব সারা দিন বজায় ছিল।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থান হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০০ পয়েন্ট। নির্বাচনের আগে সর্বশেষ কার্সদিবস গত মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ১২ হাজার ৩০৫ কোটি টাকা। এদিন লেনদেন এক হাজার ২৭৫ কোটি টাকার ঘরে চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৯২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সূচক, লেনদেন ও মূলধনের এই চাঙা অবস্থা দেখা গেছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ভালোভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরেছে। নির্বাচনের পর আজ প্রথম কার্যদিবসে সূচকে বড় ধরনের উত্থান হওয়ার কারণ হিসেবে পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানান, নতুন সরকারের প্রতি আস্থা রেখেই বিনিয়োগকারীরা শেয়ার কেনার দিকে ঝুঁকেছেন।
পুঁজিবাজারে ভালোদিন আসছে সামনে, এমন প্রত্যাশার কথা জানিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের আগে অনিশ্চয়তা ও অনাস্থায় বাজার অস্থিতিশীল ছিল। বিনিয়োগ নেই বললেই চলে। যাদের বিনিয়োগ রয়েছে তারা অনেকেই বিনিয়োগ না করে অপেক্ষা ছিলেন। নির্বাচনের পর তারা নতুন করে বিনিয়োগে ফিরছেন। এর ফলে আজ লেনদেনের শুরুতেই সব কোম্পানির শেয়ারে ক্রেতার চাপ বেশি ছিল। শেয়ার বিক্রেতা খুবই কম ছিল। এতে শেয়ার দর দ্রুত ঊর্ধ্বমুখী হয়।
অনুসন্ধানে দেখা যায়, ডিএসইতে আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে প্রধান সূচক ডিএসইএক্স বড় ধরনের উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম চার মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৭০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১২৭ দশমিক ৮১ পয়েন্ট। পরে সূচকটির উত্থান গতি বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ২০০ দশমিক ৭২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬০০ দশমিক ৬৫ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ৩০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১২৭ দশমিক ৩৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৮৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৪৫ দশমিক ১৩ পয়েন্টে।
অপরদিক সিএসইতেও এদিন লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে প্রধান সূচক সিএএসপিআই বড় ধরনের উত্থানে ফিরে। লেনদেন শুরুর প্রথম ২৯ মিনিটে সিএএসপিআই উত্থান হয় ১৫৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক সিএএসপিআইয়ের উত্থান হয় ৪৮৪ দশমিক ৩৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় ১৫ হাজার ৫১৮ দশমিক ৮০ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক ৩৭ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ২০৩ দশমিক ৯৫ পয়েন্টে। সিএসই৩০ সূচক ৪৯৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৬৪ দশমিক ২০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ২৮২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৫৫৫ দশমিক ২৪ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক ১৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯৩৮ দশমিক ৪৫ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২১ হাজার ২৮২ কোটি তিন লাখ টাকা। গত মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ আট হাজার ৯৭৭ কোটি ১৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৬৪টির, কমেছে ২৬টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে চারটির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৮০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—ঢাকা ব্যাংকের ৪২ কোটি ৪৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৪১ কোটি চার লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।
অপরদিকে, আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২২ হাজার ৬৫৭ কোটি ১৩ লাখ টাকা। গত মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ৩৯৪ কোটি ৭৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২০টির, কমেছে ১৭টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১০টির।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৬০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার দুই কোটি ৫৮ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দুই কোটি ১১ লাখ টাকা, সিটি ব্যাংকের এক কোটি ১২ লাখ টাকা এবং ঢাকা ব্যাংকের ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নদার্ন ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ২৮ শতাংশ।
মতামত দিন
০ টি মন্তব্য