জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো নারী কখনও দলের প্রধান হতে পারবে না। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন জানতে চান, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা কত? এ প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে, সেটা দেখানো সম্ভব নয়। কারণ, এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।
সাংবাদিক আবার প্রশ্ন করেন, কিন্তু অন্য রাজনৈতিক দল অল্প কিছু হলেও দিয়েছে। আপনারা একজনকেও দিলেন না কেন? জবাবে জামায়াতের আমির বলেন, “এরইমধ্যে আমি উত্তর দিয়েছি। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা একদিনে হয়ে যাবে না। আমরা নারীকে অসম্মান করি না।”
অন্য প্রশ্নে আল জাজিরা জানতে চান, নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে কি? শফিকুর রহমান বলেন, “না। এটা সম্ভব না। কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারবে না, বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবে না। এটা আল্লাহর দান। আল্লাহ যেটা বানিয়েছেন, আমরা সেটা পাল্টাতে পারব না।”
সাংবাদিকের প্রশ্ন, গত তিন দশক তো দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারা কি দেশ চালাননি? জবাবে শফিকুর রহমান বলেন, “আমরা তাদের অসম্মান করছি না। আমাদের তাতে অসুবিধা নাই।”
শফিকুর রহমান আরও বলেন, “নারী যদি পরিবার চালাতে পারে, যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামায়াতের প্রধান হতে পারবে না কেন? এমন কিছু জিনিস আছে, যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না। তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনি জানেন সেটা।”
সাংবাদিক বলেন, “না, আমি আসলে জানি না।”
শফিকুর রহমান পাল্টা প্রশ্ন করেন, “কেন জানেন না? মা বাচ্চা পয়দা করার পর যে দায়িত্ব পালন করে, সেটা আপনি পারবেন? কখনোই না। আল্লাহ সবকিছু জানেন।”
আল জাজিরার প্রশ্ন, গত তিন দশক ধরে তো বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারা কি দেশ চালাননি?
শফিকুর রহমান জবাব দেন, “আমরা তাদের অসম্মান করছি না। কিন্তু পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ নারীদের এ পদে যোগ্য মনে করে না। শারীরিকভাবেই এটা সম্ভব না। এটাই জগতের বাস্তবতা।”
মতামত দিন
০ টি মন্তব্য