মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে ‘অত্যন্ত অযৌক্তিকভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে দেশটি। তবে তারা জোর দিয়ে বলেছে, ‘ইরানের বিরুদ্ধে আরব আমিরাত কোনও হামলায় অংশ নেবে না’।
জেনেভায় জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ সোমবার (৯ মার্চ) সাংবাদিকদের বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত তার ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না। আমরা এ ধরনের কোনও যুদ্ধে জড়াব না।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর থেকেই যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে আরব আমিরাত। পাল্টা হামলার জন্য উপসাগরীয় অন্য দেশগুলোর সঙ্গে আরব আমিরাতকেও লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান।
তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দেশটিতে এখন পর্যন্ত ৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। দুবাই, আবুধাবির মতো শহরগুলোর বিভিন্ন ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরব আমিরাতের মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার (৯ মার্চ) দেশটির ভূখণ্ডের দিকে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার মধ্যে ১২টি প্রতিহত করা হয়েছে এবং তিনটি সমুদ্রে পতিত হয়েছে।
এ ছাড়া ১৮টি ড্রোন আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়। এর মধ্যে ১৭টি ঠেকানো গেলেও একটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে বলে জানানো হয়।
সূত্র: ইউরোনিউজ
মতামত দিন
০ টি মন্তব্য