নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুদের জন্য মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করেছে সরকার।
রোববার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।
উপদেষ্টা জানান, এখন থেকে দেশের প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা করে বরাদ্দ থাকবে। এছাড়া মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার ধর্মীয় প্রধানদের জন্যও আলাদা ভাতার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, মাসিক ভাতা হিসেবে প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা।
প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত পাবেন ৩ হাজার টাকা।
প্রতিটি বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা।
এ ছাড়া প্রতিটি চার্চের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্মীয় সেবকদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। খুব শিগগিরই এই ভাতা বিতরণের নীতিমালা ও প্রক্রিয়া সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।
উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগের ফলে দেশের প্রান্তিক পর্যায়ের ধর্মীয় সেবকরা আর্থিকভাবে কিছুটা সচ্ছলতা পাবেন, যা সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মতামত দিন
০ টি মন্তব্য