পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।
রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হিসাব প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতু থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন চলাচল করেছে এবং সেতুটি থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের ঘটনা ঘটেনি। সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মতামত দিন
০ টি মন্তব্য