স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান চলাচল শুরু হবে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে দ্রুত কাজ এগিয়ে চলছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বিমানবন্দরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও ও বগুড়া বিমানবন্দর প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের 'গ্রিন পেইজে' অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এই দুই বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও সফরে এসে বিমানবন্দর চালুর ঘোষণা দিয়েছিলেন এবং বিমানমন্ত্রীও একই আশ্বাস দিয়েছেন। তাই জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু গোষ্ঠী ও রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সনদ তৈরিতে তারাই নেতৃত্ব দিয়েছে।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় দলটি।
মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা একটি রেইনবো স্টেটের মতো দেশ গড়ে তুলতে চাই, যেখানে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করবে।'
তিনি দলীয় নেতৃত্বের প্রশংসা করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার নেতৃত্বে দল কাজ করে যাচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল সালাম, ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
মতামত দিন
০ টি মন্তব্য