অতি বৃষ্টিতে সরবরাহ কমার প্রভাব ছুটির দিনের বাজারে। সব ধরনের সব্জির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, বেশি দামে কেনায় তাদের বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর দুটি বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
ইলিশ মাছ আগের মতোই চড়া দামে বিক্রি এখন একেবারে ছোট আকারের ইলিশের দাম কেজিতে ৮০০ টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রাম ইলিশের দাম কেজিতে ১২০০ টাকা, ৫৫০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম ১৫০০ থেকে ১৭০০ টাকা এবং ৮০০ থেকে ১ কেজির ইলিশ কিনতে কেজিতে ২২০০ থেকে ২৮০০ টাকা গুনতে হচ্ছে।
শান্তিনগর কাঁচাবাজারে সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, গত কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় অতি বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। মূলত সরবরাহ ঘাটতির কারণে পাইকারি বাজারে প্রায় প্রতিটি সবজির দাম আগের চেয়ে বেড়েছে। রাজধানীতে শুক্রবারের বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুনের। যার প্রতি কেজি ১৪০ টাকা। গত সপ্তাহে কেজিতে ছিল ১১০ টাকা থেকে ১২০ টাকায়। তবে লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, ঝিঙা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৫০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন সব্জি শিমের দাম আগের মতোই ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
রাজধানীর বাসাবো কাঁচাবাজারে ক্রেতা সজীব মিয়া বলেন, আজকের বাজারে আগের চেয়ে সব সবজির দাম বাড়তি যাচ্ছে। বিক্রেতারা বলছেন অতি বৃষ্টির কারণে পাইকারি বাজারে মাল কম এসেছে। বেশি দামে কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
শান্তিনগর বাজারে গত সপ্তাহের তুলনায় সোনালি মুরগির দাম কিছুটা বেড়েছে বলে ক্রেতারা জানিয়েছেন । সেখানে সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৪০-৩৬০ টাকা। অবশ্য হাইব্রিড সোনালি বা কালারবার্ড মুরগির দাম কিছুটা কম, কেজি ৩০০-৩৩০ টাকা। মুরগীর বাজারেও সরবরাহ ঘাটতির কথা বলছেন বিক্রেতারা। তবে সেখানে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ডিমের দামও প্রায় গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি ডজন ডিমের দাম এখন ১৫০ টাকা করে।
বাজারের সবচেয়ে সস্তা মাছ পাঙাশ এখন ২৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বর্তমানে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই-কাতলার দাম বর্তমানে ৪০০ থেকে ৪৫০ টাকা। তবে মাঝারি আকারের রুই এখন ৩০০ থেকে ৩৫০ টাকা, যা ছয় মাস আগেও প্রায় একই ছিল। বড় রুইয়ের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা। চিংড়ি বর্তমানে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি। তবে আকার ও মানভেদে এ মাছের দামে বড় পার্থক্য রয়েছে। পাবদা মাছের কেজিতে ৪০০ থেকে ৪৫০ টাকা গুনতে হচ্ছে ।
মতামত দিন
০ টি মন্তব্য