প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ ও উপযুক্ত কূটনৈতিক পরিবেশ তৈরি হলেই এই দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে উপযুক্ত সময়ে সফরটি অবশ্যই হবে। সফরের সময়সূচি নির্ধারণে বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর কর্মসূচি, পারস্পরিক সম্মান এবং উভয় দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের আগে সফর হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সফর নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে—এমন ধারণাও নাকচ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তারিখ নির্ধারণ না হওয়ার অর্থ এই নয় যে, আলোচনা বন্ধ ছিল। আমরা কোনো তারিখ ঠিক করিনি, কিন্তু আলোচনা চলমান ছিল।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘গত ৫ আগস্ট দিল্লি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদমাধ্যমে বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ বিষয়ে ঢাকা স্পষ্টভাবে ভারতের কাছে নিজেদের অবস্থান জানিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখন আমাদের আলোচনা আবার চলছে। উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন।’
দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনার শেষ মুহূর্তে বাতিল করল পুলিশ, বক্তা ছিলেন যাঁরাদিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনার শেষ মুহূর্তে বাতিল করল পুলিশ, বক্তা ছিলেন যাঁরা
৫ আগস্টের ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, দিল্লিতে বসে শেখ হাসিনার এমন কর্মকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা পথে বাধা হতে পারে। অন্যদিকে ভারত জানায়, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম আয়োজন করেছিল এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না।
মতামত দিন
০ টি মন্তব্য