সরকার নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে অনেক গালগল্প হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো ক্ষেত্রে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, কথার চেয়ে কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। মতাদর্শ বা দলের ঊর্ধ্বে উঠে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। জাতীয় স্বার্থে মতের পার্থক্য থাকলেও দেশ গড়ার ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বারোপ করেন তিনি।
আবু আবদুল্লাহ এম ছালেহ আরও বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। তিনি ব্যক্তিগত বন্দনা থেকে দূরে থেকে মানুষের সঙ্গে মিশে কাজ করছেন এবং নিয়মিত বিভিন্ন জেলা সফর করছেন।
তিনি বলেন, সরকারের এবারের বাজেট একটি জীবনবান্ধব বাজেট। বাজেট পাস হওয়ার পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনে অস্থিরতা দেখা দেয়নি। এটি সরকারের একটি বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
মতামত দিন
০ টি মন্তব্য