মাঠের ফুটবলে দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল চরম বিষাদে। মঙ্গলবার বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর দুর্দান্ত জয়ের পর দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে লাখো মানুষের বিজয় উল্লাসের সময় ভিড়ের মধ্যে দম আটকে এক তরুণীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ।
ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জেতার কৃতিত্ব দেখায় মেক্সিকো। এই ঐতিহাসিক সাফল্য উদযাপনে মেক্সিকো সিটির রাস্তায়, বিশেষ করে ডাউনটাউনের বিখ্যাত ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ মনুমেন্টের চারপাশে ১০ লাখেরও বেশি মানুষের ঢল নামে। শহরের স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশাল এই জনসমুদ্রের মধ্যে অতিরিক্ত ভিড়ের কারণেই এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা নিহতদের পরিবারের প্রতি তাঁর "সবচেয়ে আন্তরিক সমবেদনা" জানিয়েছেন এবং আগামী দিনগুলোতে তাঁদের সব ধরণের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, "ঘটনাস্থলে রোগীদের প্রাথমিক চিকিৎসা এবং সিপিআর দেওয়ার পর তাদের বিশেষায়িত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।"
তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর তিনজনেরই মৃত্যু নিশ্চিত করা হয়। নিহতদের পরিবার ইতিমধ্যে তাদের মরদেহ সনাক্ত করেছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আনন্দের রাতটি এভাবে তিনটি পরিবারের জন্য চিরতরে অন্ধকার হয়ে যাবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি।
মতামত দিন
০ টি মন্তব্য