৬ শিশুর মৃত্যুর ঘটনায় আলোচনায় আসা আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবকাঠামোগত ত্রুটিগুলো সংশোধনের দাবি করে পুনরায় পরিদর্শনের আবেদন জানিয়েছে। সরকার এটি সরেজমিনে পরিদর্শন করবে এবং পরিস্থিতি সন্তোষজনক মনে হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন৷
আজ সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "৬টি শিশুর মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনায় সরকার যদি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিত, তবে আমাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হতো। তাই ঘটনার পরপরই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি জানান, হাসপাতালের আইসিইউ-সহ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভিন্ন অবকাঠামোগত গুরুতর ত্রুটি দূর করার জন্য নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেগুলো সংস্কারের কাজ সম্পন্ন করেছে বলে মন্ত্রণালয়কে জানিয়েছে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ এখন নতুন করে পরিদর্শনের জন্য আবেদন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব দ্রুতই সেখানে গিয়ে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে যদি সন্তোষজনক অগ্রগতি ও সঠিক সংস্কার পাওয়া যায়, তবেই সরকার লাইসেন্স বা পরবর্তী বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।"
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমি যতটুকু জেনেছি, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে। তবে এ ঘটনায় যেহেতু একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে, তাই মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত ও দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে।"
মন্ত্রী স্পষ্ট করে জানান যে, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও হাসপাতালটিকে কোনো ধরনের চূড়ান্ত ছাড় বা ক্লিনচিট দেয়নি। মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের পুনরায় পরিদর্শনের পরই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন
০ টি মন্তব্য